‘শূন্যরেখা থেকে রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হবে’
এখনও সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আগামী এক সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।
রোববার বিকালে কক্সবাজার শহরে সীমান্ত ব্যাংকের অষ্টম শাখা উদ্বোধনের সময় এ কথা জানান তিনি।
বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তের নাইক্ষ্যংছড়ির কয়েকটি পয়েন্টে শূন্যরেখায় এখনও কিছু রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে, তা সংখ্যায় খুবই কম। তাদের মাঝে ছড়িয়ে পড়া সংক্রামক রোগ ডিপথেরিয়ার প্রকোপ কমলে আগামী এক সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়া হবে।
সীমান্ত ব্যাংকের অধীনে ‘সীমান্ত পর্যটন’ বিষয়ে একটি প্রকল্প রয়েছে। এ প্রকল্পের অধীনে কক্সবাজারে পর্যটনের পাশাপাশি সীমান্ত পর্যটনের সম্ভবনা প্রসার নিয়ে বিজিবি কাজ করছে জানান তিনি।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেছুর রহমান ছাড়াও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
