বকশীগঞ্জ পৌর নির্বাচন যে কোনো মূল্যে সুষ্ঠু করা হবে: ইসি সচিব
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, যে কোনো মূল্যে এ নির্বাচন সুষ্ঠু করা হবে।
রোববার বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় করেন তিনি।
হেলালুদ্দীন বলেন, “এটা আগের কমিশন নয়, এটা বর্তমান কমিশন। আমরা রংপুর সিটি করপোরেশনসহ ইতোমধ্যে কয়েকটি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে সক্ষম হয়েছি। আমরা জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে এসেছি। ”
সভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ফকরুজ্জামান মতিনের বক্তব্যের জবাবে ইসি সচিব বলেন, “নির্বাচনের আগের রাতে যদি কোনো প্রার্থীর লোকজন যদি ব্যালট বাক্স ভর্তি করাতে চান তাহলে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে দশবার ভোট গ্রহণ করে নির্বাচন সুষ্ঠু করব।
“কোনো কর্মকর্তার বিরুদ্ধেও যদি আপনারা অভিযোগ করেন তাহলে প্রমাণ সাপেক্ষে তাদেরকেও প্রত্যাহার করা হবে “
২০১৩ সালে বকশীগঞ্জ পৌরসভা গঠনের পর এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২৮ ডিসেম্বর এই পৌরসভার ভোট গ্রহণ হবে। এতে মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আশ্বস্ত করে হেলালুদ্দীন বলেন, বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য যা যা করা দরকার তাই করবে কমিশন।
“যে কোনে মূল্যে এ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা হবে।”
জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন, জামালপুরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম এবং মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের শাহীনা বেগম, বিএনপির ফকরুজ্জামান মতিন, স্বতন্ত্র নজরুল ইসলাম সওদাগর, এএম নুরুজ্জামান, আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর ও সোলাইমান হক বক্তব্য রাখেন।
