২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবনে ২ ঘণ্টা তালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নীতিমালা সংশোধনের দাবিতে আন্দোলনরত কর্মচারীরা রেজিস্ট্রার ভবনে দুই ঘণ্টা তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2017, 05:11 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনার পর বিক্ষুব্ধ কর্মচারীরা পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের সভাপতি জামসেদ হোসেন পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মচারীরা দীর্ঘদিন ধরে নীতিমালা সংশোধনের দাবি করে আসছিলেন।

তিনি বলেন, এ প্রেক্ষিতে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল নকীব চৌধূরী টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যনেজম্যান্ট বিভাগের চেয়ারম্যান কামরুজ্জামানের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। কিন্তু অজ্ঞাত কারণে কামরুজ্জামান কাজ করছেন না। এদিকে কর্মচারীদের সঙ্গে শিক্ষকরা একের পর এক খারাপ আচরণ করে চলেছেন।

“কর্মচারীদের সকল নীতিমালা সংশোধনের দাবিতে আমাদের আজকের এই কর্মসূচি।”

জামসেদ বলেন, ইতিমধ্যেই কয়েকজন কর্মচারীকে সম্পূর্ণ নীতিমালা বহির্ভূতভাবে আপগ্রেডেশন দেওয়া হয়েছে অভিযোগ করে জামসেদ বলেন, “আমরা নীতিমালা সংশোধন করে সকল কার্যক্রম পরিচালনার দাবি করে আসছি। এর মধ্যে আজকে বিক্ষুব্ধ কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে দুই ঘণ্টা পর তালা খুলে দিয়ে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয় বলে তিনি জানান।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে নীতিমালা কমিটির আহবায়ক কামরুজ্জামানের সকল প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ, কর্মচরীদের নীতিমালা শতভাগ বাস্তবায়ন, কর্মচারীদের প্রতি অবজ্ঞা অবহেলা করা হলে দোষী ব্যক্তিদের শাস্তি।

কর্মচারীদের নীতিমালা কমিটির আহবায়ক কামরুজ্জামান বলেন, কর্মচারীদের ভেতর একটি অংশ দাবি করে আসছে যেভাবে আছে নীতিমালা সেভাবেই থাকবে। আরেকটি অংশ এই দাবিতে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছে।

উভয় অংশের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সংশোধন করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয় বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে বিক্ষোভকারীদের আশ্বাস দিলে তারা তালা খুলে নেয়। আমরা বিষয়টি নিয়ে খুব দ্রুত নীতিমালা সংশোধন কমিটির সকল সদস্যের সঙ্গে বসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”