বেনাপোলে শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতি
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে শুল্ক কর্মকর্তাদের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের অপসারণের দাবিতে শুল্ক কর্মকর্তারা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।
রোববার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয় বলে বেনাপোল শুল্কভবনের কাস্টম অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম বাঙ্গালী জানান।
বেনাপোল চেকপোস্টে বুধবার সন্ধ্যায় ভারত থেকে আসা দুই যাত্রীর ব্যাগ তল্লাশিকে কেন্দ্র করে ইমিগ্রেশন পুলিশ ও শুল্ক কর্মকর্তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
ফাইল ছবি
নজরুল বলেন, “হামলার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের রোববারের মধ্যে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে সারা দেশব্যাপী কর্মবিরতি পালন করা হবে।”
বাংলাদেশ বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশন, বাংলাদেশে কাস্টমস এক্সসাইজ অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কাস্টমস এক্সসাইজ অ্যান্ড ভ্যাট তৃতীয় শ্রেণি নির্বাহী কর্মচারী সমিতি এ হামলার ঘটনায় নিন্দা ও একাত্মা প্রকাশ করে।
মানববন্ধনে বেনাপোল শুল্কভবনের উপ-কমিশনার সাঈদ আহম্মেদ রুবেল বলেন, বিকালে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আমাদের প্রতিনিধিরা বৈঠক করবেন।
এছাড়া এ হামলার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করে শুল্ক কর্মকর্তাদের ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এ ঘটনার প্রতিবাদ জানান শুল্ক কর্মকর্তারা।
