শরীয়তপুরে বাস খাদে পড়ে আহত ৩৫
শরীয়তপুরে একটি বাস খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত ৩৫ যাত্রী আহত হয়েছে।
সদর ও নড়িয়া উপজেলার সীমান্তবর্তী শরীয়তপুর-মাঝিরঘাট মহাসড়কের কোটাপাড়া কীর্তিনাশা সেতুর ঢালে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মো. আব্দুল হান্নান জানান।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শরীয়তপুর সদরসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, মঙ্গলমাঝির ঘাট থেকে ‘ঊর্মি সরদার’ নামের একটি অন্তত ৩৫ জন যাত্রী নিয়ে শরীয়তপুর সদরের দিকে যাচ্ছিল।
“পথে কীর্তিনাশা সেতুর ঢালে বিপরীতমুখী একটি গাড়িকে পাশ দেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাশের একটি খাদে উল্টে পড়ে যায়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।
বাসের যাত্রী মোসারফ হোসেন ছৌয়াল বলেন, “বেপোরোয়া ভাবে চালানোর কারণে বাসটি খাদে পড়ে যায়।”
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
