কক্সবাজারে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
কক্সবাজার সদর উপজেলায় জমির বিরোধে প্রতিপক্ষের পিটুনিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সদর থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া জানান, বৃহস্পতিবার ভোরে পিএমখালী ইউনিয়নের পূর্ব গোয়ালপাড়ায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত নেজামুল হক (৬০) ওই পাড়ার মোস্তাক আহমদের ছেলে।
ওসি রণজিৎ বলেন, নেজামুল একটি মামলার পলাতক আসামি। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ ওই পাড়ায় অভিযান চালায়।
“নেজামুল দৌড়ে পালিয়ে যান। পরে ওই এলাকার একটি ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্বজনরা পুলিশে খবর দেয়। তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের আঘাত রয়েছে।”
স্থানীয় লোকজনের সঙ্গে নেজামুলের জমির বিরোধ ছিল জানিয়ে তিনি বলেন, “ধারণা করা হচ্ছে, পুলিশের অভিযানের সুযোগে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে। ”
স্থানীয় বাসিন্দা ফয়সাল, লিয়াকত আলী, রাসেল ও হারুনের সঙ্গে নেজামুলের জমির বিরোধ ছিল জানিয়ে তার ছেলে কায়সারুল হক শুভ অভিযোগ করেন, “আমার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।”
খুনি ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ওসি রণজিত।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
