দিনাজপুরে সেতু ভেঙ্গে ট্রাক নদীতে,২ উপজেলার সঙ্গে যোগাযোগ বন্ধ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক নদীতে পড়ে চালক ও তার সহকারী আহত হয়েছেন।
মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনার পর দিনাজপুরের সঙ্গে চিচিরবন্দর ও পার্বতীপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে বলে জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম সারওয়ার জানান।
আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী গোলাপ চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ভোরে সারবোঝাই একটি ট্রাক চিরিরবন্দর উপজেলার কাকড়া নদীর উপর অবস্থিত বেইলি ব্রিজটি দিয়ে দিনাজপুরে আসছিল। ট্রাকটি ব্রিজের মাঝমাঝি আসার পর বিকট শব্দে সেটি ভেঙ্গে পড়ে।
ব্রিজটি দীর্ঘদিন ধরে ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় ছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চিচিরবন্দরের আবুল কালাম। তিনি বলেন, অতিরিক্ত ভারী যানবাহন সেতু দিয়ে পারাপারের কারণে সেটি ভেঙ্গে পড়েছে।
এদিকে এই দুর্ঘটনার পর পরই নদীতে বাঁশের সাঁকো তৈরি করেছে স্থানীয়রা। সেখান দিয়ে পথচারী ও দুই চাকার বাহন চলাচল করছে।
প্রকৌশলী মাসুম সারওয়ার বলেন, সেতুটি সারাতে কাজ শুরু হয়েছে।শেষ হতে ১৫ দিন সময় লাগতে পারে।
