শ্রীমঙ্গলে হাজত থেকে আসামির পলায়ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা হাজত থেকে চুরির মামলার এক আসামি পালিয়ে গেছে।
সোমবার সকালে হাজতখানা পরিষ্কারের সময় ওই আসামি পালিয়ে যায় বলে মৌলভীবাজার শ্রীমঙ্গল সার্কেল এএসপি মো. আশফাকুজ্জামান জানান।
পলাতক সেলিম মিয়া শ্রীমঙ্গল শাহীবাগ এলাকার আরজু মিয়ার ছেলে।
রোববার বিকালে শহরতলীর হবিগঞ্জ রোড বাসস্ট্যান্ড এলাকা থেকে পকেটমার সেলিমকে আটক করে রাতে পুলিশে হস্তান্তর করে র্যাব।
শ্রীমঙ্গল থানা ওসি কে এম নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে হাজতখানা পরিষ্কার করতে আসে পরিচ্ছন্নতা কর্মী। আসামির থাকার কক্ষ পরিষ্কার করার সময় সেলিম মিয়া দরজা খুলে বের হয়ে পেছনের দেয়াল টপকে পালিয়ে যায়।
এএসপি বলেন, পালিয়ে যাওয়া আসামিকে আটকের চেষ্টা চলছে এবং এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
