ডেসকোর স্টোরে লুট, ১০ আনসার সদস্য বরখাস্ত
টঙ্গীতে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) সাব-স্টোরের গার্ডকে মারধর করে মালামাল লুটের ঘটনায় ১০ আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গাজীপুর জেলা আনসার অ্যাডজুডেন্ট মো. সাইফুর রহমান জানান, দায়িত্ব অবহেলার জন্য শনিবার রাতে তাদের সাময়িক বরখাস্ত করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
এরা হলেন মো. শহিদুল ইসলাম মাতুব্বর, মো. মনির হোসেন, মো. আরশেদ আলী খান, মো. সুমন, মো. জব্বার, মো. জাহাঙ্গীর আলম, মো. আলাল উদ্দিন, মো. লালন ফকির, মো. নিজাম উদ্দিন ও মো. শফিক ইসলাম।
শুক্রবার রাতে শফিকের সঙ্গে দেখা করার কথা বলে টঙ্গীর সফিউদ্দিন একাডেমির উত্তর পাশে ডেসকোর সাব-স্টোরে ২০/২৫ জন লোক ঢুকে মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার রাতে টঙ্গী থানায় মামলা করে ডেসকো কর্তৃপক্ষ।
“এ সময় সাব-স্টোরের স্পেশাল গার্ড খোরশেদ আলম প্রতিবাদ জানালে তারা তাকে মারধর এবং এক পর্যায়ে স্টোরের তালা ভেঙে মালামাল লুট করে নিয়ে যায়।”
টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান, ওই লুটের ঘটনায় শনিবার রাতে ডেসকোর পক্ষ থেকে টঙ্গী থানায় মামলা হলে ১০ জন আনসার সদস্যকে কর্তৃপক্ষ হস্তান্তর করেছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
