সাভারে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, চা দোকানি গ্রেপ্তার
ঢাকার সাভারে শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় চা দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে নগরকোন্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির জানান।
গ্রেপ্তার মজিবর রহমান (৩৫) ওই এলাকার সাহেব আলীর ছেলে।
শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি জানান, ১১ বছর বয়সী শিশুটি দাদির সঙ্গে থাকে। শনিবার রাতে দাদি তাকে বাড়িতে একা রেখে দোকানে কেনাকাটা করতে যায়।
“তখন সুযোগ বুঝে স্থানীয় চা দোকানি মজিবর ঘরে ঢুকে মুখ চেপে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে দাদি ঘরে ফিরে বিষয়টি বুঝতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় পুলিশে খবর দেয়।”
এ ঘটনায় রাতেই মামলা হলে পুলিশ ভোরে অভিযান চালিয়ে মজিবরকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।
