২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জ সদর উপজেলায় দুই বাসের সংঘর্ষে এক পথচারীর মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2017, 01:46 PM

Updated : 19 Aug 2022, 06:08 PM

সদর থানার ওসি মো. সেলিম রেজা  জানান, শুক্রবার  রাত সাড়ে ৮টার দিকে গোপীনাথপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লুৎফর রহমান শেখ (৫০) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার অমৃতনগর গ্রামের ইসলাম শেখের ছেলে।

ওসি সেলিম বলেন, খুলনা থেকে ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস একটি ট্রাককে অতিক্রম করছিল। এ সময় টুঙ্গিপাড়াগামী টুঙ্গিপাড়া পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়।

“ফাল্গুনী পরিবহন রাস্তার পাশে খাদে পানিতে পড়ে যায়। আর টুঙ্গিপাড়া পরিবহন গোপীনাথপুর স্কুলের বাউন্ডারির মধ্যে ঢুকে পড়ে। এ দুর্ঘটনায় আহত হন অন্তত ১১ জন।”

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক লুৎফরকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি সেলিম।