সুন্দরবনে পর্যটকদের কাছ থেকে ড্রোন জব্দ
অনুমতি না নিয়ে সুন্দরবনের চিত্রধারণের সময় বিদেশি পর্যটকদের কাছ থেকে একটি ড্রোন জব্দ করেছে বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান চৌধুরী জানান, শরণখোলা দুবলারচরের রেঞ্জের আলোরকোল এলাকা থেকে মঙ্গলবার দুপুরে ড্রোনটি জব্দ করা হয়।
এ ঘটনায় কাউকে আটক করা না হলেও ‘মাবানা ট্যুরস লিমিটেড’ নামের যে কোম্পানি ওই বিদেশি পর্যটকদের বেড়াতে নিয়ে এসেছিল, তার মালিক মো. নান্টুর বিরুদ্ধে মামলা করেছে বনবিভাগ।
“ড্রোন উড়তে দেখে দুবলা স্টেশনের বনপ্রহরীরা গিয়ে সেটি নামিয়ে তা জব্দ করে। পরে ওই পর্যটকদের নিয়ে সুন্দরবন থেকে বেরিয়ে যেতে এবং ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে মাবানা ট্যুরসকে নির্দেশনা দেওয়া হয়।”
ওই ড্রোনে সুন্দরবনের কোন কোন এলাকার চিত্রধারণ করেছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানান বন কর্মকর্তা মাহমুদুল।
“তথ্য গোপনের অভিযোগে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ওসি হাওলাদার আজাদ কবির বাদী হয়ে মাবানা ট্যুরস লিমিটেডের বিরুদ্ধে বন আইনে একটি মামলা করেছেন।”
এ বিষয়ে মাবানা ট্যুরস লিমিটেডের মালিক নান্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
