২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ৭ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে যশোরের একটি আদালতে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2017, 09:26 PM

Updated : 12 Apr 2022, 12:51 AM

মঙ্গলবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো.শাজাহান আলী আদালতে বাঘারপাড়া উপজেলার হুলিহট্ট গ্রামের বাসিন্দা আবু তাহের মামলাটি দায়ের করেন।

বাদীর আইনজীবী কাজী রেফাত রেজওয়ান সেতু বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছে।

মামলায় হুলিহট্ট গ্রামের ফয়েজ আহম্মেদ, হাফিজুর রহমান, আব্দুল কাদের বাবু, নরসিংহপুর গ্রামের গাজী গহর আলী বিশ্বাস, পদ্মবিলা গ্রামের মীর আবু তাহের মুকুট এবং প্রেমচারা গ্রামের আমজাদ মোল্লা ও সবুর মোল্লাকে আসামি করা হয়েছে।

আসামিরা সবাই জীবিত এবং আমজাদ মোল্লা ও সবুর মোল্লা দুই সহোদর।

আইনজীবী রেফাত বলেন, মামলায় সাত আসামিদের বিরুদ্ধে বাঘারপাড়ার হুলিহট্ট, প্রেমচারা, নরসিংহপুর ও উত্তর চাঁদপুর গ্রামে লুট, অগ্নিসংযোগ, হত্যা, হত্যা চেষ্টা ও গুমের অভিযোগ আনা হয়েছে।

বাদী আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে আসামিরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে এলাকায় প্রভাবশালী হয়ে ওঠে। ফলে তাদের ভয়ে কেউ কোনোদিন কথা বলার সুযোগ পায়নি।

“বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু করায় আমি এ মামলা করেছি।”