০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

‘জমি দখলের জন্য’ বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে

ময়মনসিংহের ত্রিশালে ‘জমি দখলের জন্য’ কৃষকের বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবকলীগের এক নেতার বিরুদ্ধে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 07:12 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, উপজেলার পোড়াবাড়ি গ্রামের শনিবারের ওই ঘটনায় মঠবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলেক মাহমুদসহ নয়জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

তবে কৃষক শফিকুল ইসলামের বাড়িতে আগুন দেওয়ার কথা অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা।

শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবার রেখে যাওয়া ২৩ শতাংশ জমিতে বাড়ি করে সাত ভাই-বোনকে সঙ্গে নিয়ে বসবাস করি আমি। স্বেচ্ছাসেবক লীগ নেতা আলেক ওই জমির সাড়ে আট শতাংশ তার বলে দাবি করে আসছে।

“গত শুক্রবার রাতে বাইরে থেকে ঘরের দরজা আটকে দিয়ে আগুন ধরিয়ে আলেক ও তার লোকজন। পরে বেড়া ভেঙে ঘর থেকে বের হই আমরা।”

মঠবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুস মণ্ডল বলেন, “স্বাধীনতার পর থেকেই দেখে আসছি জমিটি সুলতান বেপারীর ছেলে শফিকুল ইসলাম ও তার বোনদের। প্রায় এক বছর ধরে জমির সাড়ে আট শতাংশ দাবি করে আসছে স্বেচ্ছাসেবক লীগ আলেক মাহমুদ। এনিয়ে বেশ কয়েকবার সালিশও করেছি।”

শুক্রবার রাতে আলেকের নেতৃত্বে শফিকুল ঘরে আগুন দেয়া হয় দাবি করেন তিনি।

এ নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা আলেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শফিকুলের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি আমি জানি না। অন্য কেউ আগুন দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

“তবে শফিকুল যে জায়গায় ঘর করে বসবাস করছে সেই জমির সাড়ে আট শতাংশ আমার।”

আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি জাকিউর।