নির্বাচন অফিসে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ
নোয়াখালীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী যাছাই-বাছাইয়ের আপত্তি শুনানির সময় স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
রোববার বিকালে জেলা নির্বাচন অফিসে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মোস্তফা।
এ সময় তিনি ও ছেলে মঈদুর রহমানসহ পাঁচ জন আহত হয়েছে বলে জানান ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের এ সভাপতি।
মোস্তফা বলেন, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। আর দল থেকে মনোনয়নপত্র দাখিল করেন ইব্রাহিম খলিল। ২০১৪ সালের বনবিভাগের এক মামলায় ২০১৭ সালের ২৪ অক্টোবর আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে।
“খলিল এ রায়ের পর আদালতে আত্মসমর্পণ না করায় তার বিরুদ্ধে গত ১২ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। শনিবার নির্বাচন অফিসে ওই মামলার কাগজপত্র দিয়ে তার প্রার্থিতা বাতিলের দাবি জানাই।”
রোববার এ বিষয়ে শুনানি চলাকালে খলিলের সমর্থকরা তাকে ও তার ছেলে মঈদুর রহমানসহ পাঁচজনকে পিটিয়ে আহত করে বলে জানান তিনি।
এ ব্যপারে জেলা নির্বাচন কর্মকর্তা সুধাংশু কুমার সাহা বলেন, শুনানির সময় পাশের একটি কক্ষে প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মধ্যে হাতাহাতি হয়েছে বলে খবর পেয়েছেন তিনি। এ ব্যপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, জেলা নির্বাচন অফিসে প্রার্থীদের সমর্থকদের মধ্যে গোলযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ব্যাপারে এখনও কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
