‘জিনের বাদশাকে’ পুলিশে দিলেন সংসদ সদস্য
রাজশাহীতে জিনের বাদশা পরিচয়ে প্রতারনাকারী এক যুবককে পুলিশে ধরিয়ে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।
রোববার সংসদ সদস্য আয়েন উদ্দিন নগরীর দড়িখরবনা এলাকায় নিজ বাড়িতে ডেকে তাকে পুলিশে ধরিয়ে দেন বলে বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ জানান।
গ্রেপ্তার নাজমুল হুদা (২৯) পবা উপজেলার দামকুড়া এলাকার আব্দুস সালামের ছেলে ও নগরীর গোড়হাঙ্গা মসজিদের খাদেম।
প্রতারনার অভিযোগ সুলতানা রাজিয়া নামের এক নারী তার বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, নাজমুল হুদা নিজেকে জিনের বাদশা বলে পরিচয় দিয়ে জিন তাড়ানো, পানি পড়া, তেল পড়ার মাধ্যমে বিভিন্ন অসুখ সারানোর নাম করে দীর্ঘদিন ধরেই মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল।
“এ বিষয়ে সুলতানা রাজিয়া নামে এক নারী অভিযোগ করেন। এরপর তাকে কৌশলে বাড়িতে ডেকে এনে পুলিশের হাতে তুলে দিয়েছি।”
