সিলেটে পাথর কোয়ারির দখল নিয়ে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ
সিলেটের জৈন্তাপুরে শ্রীপুর পাথর কোয়ারির দখল নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
জৈন্তাপুর থানার ওসি খান মোহাম্মদ ময়নুল জাকির জানান, রোববার দুপুরে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও সহ-সভাপতি কামাল আহমদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন ধরে ওই পাথর কোয়ারির জমির দখল নিয়ে লিয়াকত ও কামালের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল।
“দুপুরে লিয়াকত আলীর অনুসারীরা কোয়ারিতে পাথর তুলতে যায়। এ সময় কামালের সমর্থকরা সেখানে জমি দখল করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।”
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
