২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘১০ বছর পর ছেলেকে দেখলাম, ছুঁতে পারলাম না’

পাথরকালী মেলা উপলক্ষ্যে সীমান্তের ওপারে বসবাসকারী স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন ভারত ও বাংলাদেশের বাসিন্দারা।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2017, 05:46 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপাসার ও কোচাল সীমান্ত এলাকায় শুক্রবার দুই দেশের মানুষের সাক্ষাৎ করার সুযোগ করে দেয় বিজিবি ও বিএসএফ।

স্বজনদের সঙ্গে দেখা ও জিনিসপত্র আদান-প্রদান হলেও মাঝখানে কাঁটাতারের বেড়ার কারণে ছুঁয়ে দেখতে না পারার আফসোস অনেকের।

দীর্ঘ ১০ বছর পর ভারতে বসবাসকারী ছেলে ও তার পরিবারের সঙ্গে দেখা হল ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকার বিনা বেওয়ার।

তিনি বলেন, “অনেক দিন পর ছেলের সাথে দেখা করতে পারলাম। কিন্তু মা ও ছেলের মাঝখানে কাঁটাতারের বেড়া। তাই ছেলেকে ছুঁতে পারলাম না।” 

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাঁটাতারের দুই পাশে ভিড় জমায় হাজার হাজার মানুষ। সীমান্তের ৩৪৫ ও ৩৪৬ পিলারের মাঝামাঝি এলাকায় তাদের সাক্ষাৎ করার সুযোগ করে দেওয়া হয়। দুই দেশের সীমান্তে তখন পর্যাপ্ত বিজিবি ও বিএসএফ মোতায়েন করা হয়।

বিজিবি-বিএসফের পাহারায় কাঁটাতারের ফাঁক দিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। কেউ কেউ কাঁটাতারের ওপর দিয়ে বিস্কুট, চানাচুর, আপেল, কমলা ছুড়ে দেন প্রিয়জনদের কাছে। এই ক্ষণিক মিলনে অনেকেই চোখের পানি ফেলতে দেখা যায়।

 

ঠাকুরগাঁও ছাড়াও পার্শ্ববতী পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা রংপুরসহ বিভিন্ন এলাকার মানুষ ছুটে আসেন ভারতবাসী স্বজনদের সঙ্গে সাক্ষাতের জন্য।

১৯৪৭ সালে দেশ বিভক্তির পর কেউ এপারে কেউ ওপারে পড়ে বিচ্ছিন্ন হয়ে যান স্বজনদের কাছ থেকে। এরপর থেকে অনেকেরই যাতায়াত বন্ধ হয়ে যায়। 

দিনাজপুরের কাহারোল থেকে আসা চৈতন্য দাস বলেন, ভারতের কলেয়াগঞ্জ এলাকায় তার ছেলে শিপন পরিবার নিয়ে থাকে। দীর্ঘ ৫ বছর পর সীমান্তে তাদের সঙ্গে দেখা হলো।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সামসুল আলম দেখা করতে এসেছিলেন মামা আবু হোসেন, ফুপা সাহের উদ্দীনসহ তাদের পরিবারের লোকজনের সঙ্গে।

তিনি বলেন, “ওপারে থাকা আত্মীয়-স্বজনের সাথে দেখা করতে পেরেছি। অনেক ভালো লাগছে। ”

রংপুরের রেজিয়া বেগম দেখা করতে এসেছেন ভাই আলিম হোসেন ও তার পরিবারের সঙ্গে।

তিনি বলেন, ভারতের বিষ্ণুপুর এলাকার ভাই ব্যবসা করেন। দীর্ঘ ২৫ বছর পর তাদের সঙ্গে দেখা হয়েছে।

নেকমরদ এলাকার গোবিনাথপুর গ্রামের ক্ষিরোদা বেওয়া (৬০) । ভারতের কাকরমনি গ্রামে তার বড় ভাই সিরাজুল ইসলাম পরিবার নিয়ে থাকেন।

ক্ষিরোদা বলেন, “ভাই নতুন ধানের পাকন পিঠা খেতে চেয়েছিল। নিজের হাতে পিঠা বানিয়ে নিয়ে এসেছি এবং কাঁটাতারের বেড়ার উপর দিয়ে ছুড়ে তাকে দিতে পেরেছি।”

ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবছরের মত এবারও পাথরকালী মেলায় বিজিবি-বিএসএফ দুই দেশের মানুষদের সাক্ষাতের সুযোগ করে দিয়েছে।