২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ভর্তি  শুরু ১১ ডিসেম্বর

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির কার্যক্রম আগামী ১১ ডিসেম্বর শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 08:29 PM

Updated : 19 Aug 2022, 06:04 PM

ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক মহিবুল আলম বলেন, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিভিন্ন ইউনিটে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও পরীক্ষায় উত্তীর্ণদের জানানো হবে।

গত ১৮ নভেম্বর সকালে ‘এ’ ইউনিট এবং বিকালে ‘বি’ ইউনিটের (উপ-ইউনিট বি-১, বি-২) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, ১১ ডিসেম্বর (সোমবার) সকাল ৯টা থেকে ‘বি-১’ ইউনিটের মেধা তালিকায় ১-৬০০ পর্যন্ত, ১২ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় একই ইউনিটের ৬০১-১১২৩ পর্যন্ত এবং দুপুর ২টায় ‘বি-২’ ইউনিটের ১-৩০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি করানো হবে।

একই দিন বিকাল ৩টা থেকে ‘বি-১’ ও ‘বি-২’ ইউনিটের অধীনে মেধা তালিকায় স্থান পাওয়া সব ধরনের কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

এছাড়া আগামী ১৩ ডিসেম্বর বুধবার সকাল ৯টায় ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগে মেধা তালিকায় ১-২১৭ পর্যন্ত এবং সকাল ১১টা থেকে মানবিক বিভাগের মেধা তালিকায় ১-৩১০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি করানো হবে।

১৭ ডিসেম্বর রোববার সকাল ৯টা থেকে বাণিজ্যের মেধা তালিকার ১-৮৩ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। একই দিনে সকাল  ১১টা থেকে ‘এ’ ইউনিটের অধীনে সব ধরনের কোটায় স্থান পাওয়া উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

ভর্তি করানোর পর আসন খালি থাকলে ভর্তি কমিটির বৈঠক করে ডিসেম্বরের মধ্যে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি করবে বলে জানান অধ্যাপক মহিবুল আলম।

ওয়েবসাইটে বলা হয়, সাক্ষাৎকার ও ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার এডমিট কার্ড, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সার্টিফিকেট এবং ৬৮৫০ টাকা সাথে নিয়ে আসতে হবে।

কোটায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও নম্বরপত্রর ২টি সত্যায়িত ফটোকপি সঙ্গে আনার কথা বলা হয় ওয়েবসাইটে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.sust.edu/admission) এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করা যাবে।

নতুন বছরের জানুয়ারিতেই নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করার সম্ভাবনা রয়েছে বলে জানান মহিবুল আলম।