ফেনীতে ডাকাত-পুলিশ সংঘর্ষে আহত ৭
ফেনীর সোনাগাজীতে ডাকাত দলের সঙ্গে গোলাগুলিতে চার পুলিশসহ সাত জন আহত হয়েছে। আটক করা হয়েছে গুলিবিদ্ধ দুই ডাকাতকে।
বুধবার ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামে তুলাতলী বাজার সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির।
আহত এসআই সেলিম জামান সরকার, এএসআই খলিলুর রহমান, এএসআই মো. নাছির উদ্দিন, কনস্টেবল আবদুল মান্নানকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আর গুলিবিদ্ধ ডাকাত নুরুল হুদা (৩৫) ও নজরুল ইসলাম স্বপনকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, সফরপুর গ্রামে পুলিশের টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাত দল। তখন পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় ডাকাতদের কাছ থেকে একটি এলজি বন্দুক, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ ও কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।
