২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

শেরপুরে এক তরুণ হত্যায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2017, 04:56 PM

Updated : 19 Aug 2022, 06:04 PM

মঙ্গলবার শেরপুরের জেলা ও দায়রা জজ মো. আওলাদ হোসেন ভূঁইয়া আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার চরভাবনা নামাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুর মন্নাফ (৫০), সুরুজ্জামানের ছেলে হাফিজুর রহমান (৪৫), মৃত আব্দুল জব্বারের ছেলে সৈয়দ জামাল (৬৫), মাকছেদ আলীর ছেলে শরিফুল ইসলাম ও আব্দুল হাকিমের ছেলে আব্দুল মোতালেব।

একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয়মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে পিপি চন্দন কুমার পাল জানান।

মামলা বিচারাধীন থাকা অবস্থায় দুই আসামি মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০০৪ সালের ১৫ এপ্রিল সকালে সদর উপজেলা চরভাবনা নামাপাড়া গ্রামে ধান ক্ষেতে শ্যালো মেশিনে পানি দেওয়ার ঘটনা নিয়ে ঝগড়ার জেরে আসামিরা একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মাহমুদুল হাসানকে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই আরিফ রব্বানী বাদী হয়ে ওই দিনই মামলা করেন।তদন্ত শেষে সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।