হবিগঞ্জে আ. লীগ নেতার বিরুদ্ধে রাজাকারদের সহযোগিতার অভিযোগ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকারদের সহযোগিতা করার অভিযোগ তুলেছেন মুক্তিযোদ্ধা ইলিয়াছ চৌধুরী।
তবে মিজবাহ উদ্দিনের দাবি, জমির বিরোধের জেরে তার সম্মানহানির চেষ্টা করছেন ইলিয়াছ চৌধুরী।
সোমবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইলিয়াছ চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধকালে মিজবাহ উদ্দিন ভূঁইয়া তার বাড়িতে রাজাকারদের আশ্রয় দেন। গরু-ছাগল জবাই করে উল্লাস করে এলাকার মানুষদের নির্যাতন করেন।
“এছাড়া ১৯৭০ সালের নির্বাচনে আজমিরীগঞ্জে আওয়ামী লীগের জনসভায় যাতে না হয় সেজন্য কাজ করেন নূরুল হক। নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে আম মার্কার পক্ষে কাজ করেন।”
তবে তিনি তার বক্তব্যের পক্ষে সাংবাদিকদের কোনো তথ্য-প্রমাণ দেখাতে পারেননি।
আর এ অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করে মিছবাহ উদ্দিন বলেন, “জমিসংক্রান্ত বিষয় নিয়ে আমার সঙ্গে ইলিয়াছ চৌধুরী বিরোধ রয়েছে।
“এ বিরোধের জের ধরে আমার সম্মান নষ্ট ও রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছেন ইলিয়াছ চৌধুরী। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি একাত্তরে যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছি।”
