রংপুর সিটি নির্বাচন হবে স্বচ্ছ: সিইসি
নারায়ণগঞ্জ ও কুমিল্লার মতো রংপুর সিটি করপোরেশনের নির্বাচনও স্বচ্ছ হবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।
রোববার নারায়ণগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, কিছু জটিলতার কারণে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে বিলম্ব হয়েছে। ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ আমরা ৯ কোটি ৪০ লাখ স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করতে পারব।”
দুটি সিটি কর্পোরেশন, ৪০৭টি স্থানীয় পর্যায়ে এবং দুটি জাতীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই সকল নির্বাচন সুষ্ঠু হয়েছে, সেই নির্বাচন নিয়ে কোনো সন্দেহ বা প্রতিক্রিয়া তৈরি হয়নি বলে দাবি করেন সিইসি।
“তাই আমরা আগামী নির্বাচন সুষ্ঠু করতে সক্ষম, সম্পূর্ণভাবে প্রস্তুত। রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রতিযোগিতামূলক হবে, স্বচ্ছ হবে এবং নিরপেক্ষ হবে।”
দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র সুষ্ঠুভাবে ভোট গ্রহণে সহযোগিতা করবে। আগে ভোট জালিয়াতি হতো, একের ভোট আরেকজন দিত। কিন্তু জাতীয়পত্রের কারণে সেই জালিয়াতি করা সম্ভব নয়। জাতীয়পত্রের কারণে পরিচয় শনাক্তে ভুলভ্রান্তি থাকে না।
ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচাললক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
