গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের সহকারী নিহত
গাজীপুরের সদর উপজেলায় একটি কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে এক ট্রাক চালকের সহকারী নিহত হয়েছে।
শ্রীপুর ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার মেম্বার বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজান মিয়ার ( ৩৫) বাড়ি নেত্রকোণা জেলার সদর উপজেলায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মোস্তাফিজুর বলেন, “ময়মনসিংহগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একইমুখী একটি কভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
“এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়। ”
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং ট্রাকটি জব্দ করে বলে জানান তিনি।
লাশ মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে মাওনা হাইওয়ে থানার এসআই সুজন কুমার পণ্ডিত জানান।
