পবায় বাইকে ধাক্কা দিয়ে বাস পুকুরে, নিহত ৩
রাজশাহীর পবা উপজেলায় মোটরসাইকেলে ধাক্কা দিয়ে বাস পুকুরে পড়ে এক দম্পতিসহ তিনজনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।
শাহ মুখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বায়া উত্তরা হিমাগারের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন - মোটরসাইকেল-আরোহী শহিদুল ইসলাম (৪৫), তার স্ত্রী শামীমা (৩৫) ও বাসযাত্রী খোরশেদ (৩৫)।
ওসি জিল্লুর বলেন, জেলার বাগমারা থেকে ছেড়ে আসা বাসটি রাজশাহী যাওয়ার পথে হিমাগারের সামনে দাঁড়িয়ে থাকা খড়িবোঝাই একটি ভটভটিকে ওভারটেক করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়।
“ঘটনাস্থলেই মোটরসাইকল-আরোহী শহিদুল ও তার স্ত্রীর মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার পর মারা যান বাসযাত্রী খোরশেদ।”
এ দুর্ঘটনায় বাসের আরও অন্তত ১৪ যাত্রী আহত হন জানিয়ে তিনি বলেন, পরে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
