রাঙামাটিতে বাস দুর্ঘটনায় নারীর মৃত্যু
রাঙামাটির সদর উপজেলায় বাস উল্টে এক নারী নিহত হয়েছেন।আহত হয়েছেন অন্তত ৩২ জন।
রাঙামাটি কোতয়ালি থানার ওসি সত্যজিৎ বড়ুয়া জানান, বুধবার বেলা সোয়া ১টায় জেলা শহরের প্রবেশের মুখে মানিকছড়ি পাহাড়ের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তপনী বেগমের বাড়ি (২৫) কুমিল্লার মিরপুর এলাকায়।
আহতদের মধ্যে ১৫ জনকে জেলা সদর হাসপাতালে ও দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম বলেন, “রাঙামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মানিকছড়ি পাহাড় থেকে নামার মুখে একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়।”
গাড়ির যাত্রী লালু চাকমা বলেন, “দ্রুতবেগে নামার সময় বাসটি মানিকছড়ি ঢালের বাঁক ঘোরার সময় পাহাড়ে ধাক্কা খেয়ে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তপনী।”
রাঙামাটি সদর হাসপাতালের চিকিৎসক শওকত আকবর বলেন, আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই জনের শারিরীক অবস্থায় অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
