নির্বাচন হবে সংবিধান অনুসারে: তোফায়েল
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংলাপের কোনো সম্ভাবনা বা প্রয়োজন দেখছেন না আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফোয়েল আহমেদ।
শনিবার সকালে ভোলায় এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী বলেন, “নির্বাচন হবে ২০১৯ সালের ২৯ জানুয়ারিরীর আগের ৯০ দিনের যেকোনো দিনে। আমার বিশ্বাস ওই নির্বাচনে বিএনপি আসবে।”
আসা ছাড়া তাদের বিকল্প কিছু নেই। না আসলে তারাই ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি মনে করেন।
মন্ত্রী আরও বলেন, নির্বাচন হবে সংবিধান অনুসারে। সে জন্য সংলাপের কোনো সম্ভাবনা বা প্রয়োজন নেই।
সকালে ভোলার ভেদুরিয়ায় ভোলা-বরিশাল নৌপথের ২৪টি রুটের খনন কাজের উদ্বোধন শেষে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
তিনি বলেন, “সংলাপের কথা শুনলে আমাদের ভয় হয়। সংলাপের কথা বলে বিএনপি-জামায়াত আবার কোন তাণ্ডব সৃষ্টি করে। আমারা আর তাদের তাণ্ডব নৈরাজ্য রাস্তায় দেখতে চাই না।”
বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
