সিরাজগঞ্জে নিখোঁজ জেএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুইদিন পর এক জেএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার চয়ড়া বাবুবাজার এলাকায় মাছ মারার জন্য পুঁতে রাখা কাঠের ডালে আটকে থাকা লাশটি উদ্ধার করে স্থানীয়রা।
সজিব ওরফে বিদ্যুৎ (১৪) উপজেলার শেলাচাপরী গ্রামের আব্দুল হামিদের ছেলে। নুকালি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল সে।
ওসি খাজা বলেন, “মঙ্গলবার বিকেলে নদীতে গোসল করার সময় মাছ ধরার জন্য ঘাটে ভিড়ানো একটি জাহাজের নিচে ডুব দেয় সজীব। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।”
সকালে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চয়ড়া বাবু বাজার এলাকায় তার লাশ দেখে স্থানীয়রা তা উদ্ধার করে বলে জানান তিনি।
