খুলনা শিপইয়ার্ডে তৈরি যুদ্ধজাহাজ উদ্বোধন
খুলনা শিপইয়ার্ডে তৈরি আধুনিক সমরাস্ত্র সজ্জিত দুটি যুদ্ধজাহাজের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার খুলনায় নৌ-ঘাঁটি বানৌজা তিতুমীরে দুটি ‘দুর্গম’ ও ‘নিশান’ নামের এই যুদ্ধজাহাজগুলোর সঙ্গে দুটি সাবমেরিন টাগবোট ‘পশুর’ ও ‘হালদা’র উদ্বোধন করেন তিনি।
জাহাজ দুটি নির্মাণে ব্যয় হয়েছে ৮০০ কোটি টাকা, আর সাবমেরিন টাগবোট তৈরিতে লেগেছে ১৪২ কোটি টাকা।
২০১৫ সালের ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জাহাজ ও টাগবোট নির্মাণ কাজের উদ্বোধন করেন।
যুদ্ধজাহাজ তৈরির সক্ষমতা অর্জনে খুলনা শিপইয়ার্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
শিপইয়ার্ড কর্মকর্তারা জানান, ৬৪ দশমিক ২ মিটার দৈর্ঘ্য ও ৯ মিটার প্রস্থের এই যুদ্ধাজাহাজ ২৫ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। জাহাজ দুটিতে রয়েছে অত্যাধুনিক সমরাস্ত্র। শত্রুর সাবমেরিন শনাক্ত ও বিধ্বংসী টর্পেডো নিক্ষেপের সক্ষমতা রয়েছে।
স্বাভাবিক সময়ে সমুদ্রসীমার নিরাপত্তায় ব্যবহৃত হবে এই জাহাজ দুটি। এই জাহাজের মেয়াদকাল ২৫ বছর। প্রতিটি জাহাজে ৭৬ দশমিক ২ মিলিমিটারের একটি গান, ৩০ মিলিমিটারের একটি গান ও দুটি করে টর্পেডো লঞ্চার রয়েছে। এছাড়া রয়েছে দুটি নেভিগেশন রাডার, একটি এয়ার অ্যান্ড সারফেস রাডার, একটি ট্র্যাকিং রাডার ও একটি সোনার।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, নৌবাহিনীকে একটি কার্যকর ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য জাতির পিতার পরিকল্পনার ধারাবাহিকতায় বর্তমান সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে, যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়িত হবে।
ছবি: পিআইডি
রাষ্ট্রপতি খুলনায় নৌ-ঘাঁটি বানৌজা তিতুমীরে এসে পৌঁছালে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ এবং কমডোর সামসুল আলম তাকে অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি হামিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযোদ্ধা ও নৌ-সদস্যদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, কূটনৈতিক মিশনের সদস্য এবং সেনা ও বিমানবাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডকে ফ্রিগেট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ফলে খুলনা শিপইয়ার্ডসহ অন্যান্য শিপইয়ার্ডে দেশি প্রযুক্তিতে জাহাজ নির্মাণের মাধ্যমে এ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি বৈদেশিক মুদ্রার সাশ্রয় সম্ভব হবে।
ভবিষ্যতে জাহাজ রপ্তানির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী দেশের অর্থনৈতিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর রাবনাবাদ এলাকায় ও ঢাকার খিলক্ষেতে পূর্ণাঙ্গ নৌ-ঘাঁটি এবং চট্টগ্রামের পেকুয়ায় একটি সাবমেরিন ঘাঁটির নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।।
“নেভাল এভিয়েশনে সক্ষমতা বৃদ্ধির জন্য অত্যাধুনিক সমর ক্ষমতাসম্পন্ন আরও দুটি হেলিকপ্টার এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফট শীঘ্রই যুক্ত হবে, যা সমুদ্রসম্পদ এবং সমুদ্রসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
সমুদ্র এলাকার নিরাপত্তার উপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, “ক্রমাগত সম্পদ আহরণের ফলে স্থলভাগের সম্পদ সীমিত হয়ে পড়ায় সারা বিশ্ব আজ সমুদ্র সম্পদের দিকে নজর দিয়েছে।
“বাংলাদেশের বিশাল সামুদ্রিক এলাকায় আমাদের জন্য রয়েছে মৎস্য, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য খনিজ পদার্থসহ মূল্যবান সম্পদ।”
উপকূলীয় ৭১০ কিলোমিটার দীর্ঘ এলাকায় প্রায় তিন কোটি মানুষ জীবিকা নির্বাহ করছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বহির্বিশ্বের সাথে দেশের বাণিজ্যের ৯০ ভাগের বেশি সমুদ্রপথেই পরিচালিত হয়।
“এমতাবস্থায় আমাদের জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র এলাকার নিরাপত্তা বিধান অপরিহার্য।”
