সুন্দরবনে অস্ত্রসহ এক ‘বনদস্যু’ গ্রেপ্তার
সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক ‘বনদস্যুকে’ গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সকালে সুন্দরবন পশ্চিম বিভাগের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীরপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স জানিয়েছেন।
গ্রেপ্তার শরীফুল ইসলাম (৩০) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পাইস্যাখালী গ্রামের মোফাজ্জেল গাজীর ছেলে।
তাকে বনদস্যু জোনাব বাহিনীর সক্রিয় সদস্য বলে দাবি করছে র্যাব।
এ সময় তার কাছ থেকে একটি কাটারাইফেল, একটি পাইপ গান ও ছয়টি গুলি উদ্ধার করা হয়।
মেজর সোহেল বলেন, বনদস্যু জোনাব বাহিনীর ৪/৫ জন সদস্য জেলেদের নৌকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযানে যায়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বনদস্যু জোনাব বাহিনীর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তাকে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হবে।
