২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ‘ধর্ষণের পর গৃহবধূর স্বজনদের মারধর’

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের পর তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ পাওয়া গেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2017, 12:49 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

সদর থানার এসআই খায়রুল আনাম জানান, রোববার রাত ৮টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগরাবাড়ি গ্রামের মো. বাপ্পীর (২০) বিরুদ্ধে তারা এই অভিযোগ পেয়েছেন।

বাপ্পী ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক রোকেয়া সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গৃহবধূকে ধর্ষণের নমুনা পাওয়া গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

সন্ধ্যায় গৃহবধূর স্বামী বাড়ি থেকে বের হয়ে ধামের গান শুনতে গেলে ধর্ষণের এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এসআই খায়রুল বলেন, গৃহবধূকে একা পেয়ে বাপ্পী তার ঘরে ঢুকে মুখ চেপে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে বাপ্পী পালিয়ে যান।

গৃহবধূর শ্বশুর মো. দুলাল হোসেন অভিযোগ করেন, “পরে আমরা এ ঘটনার প্রতিবাদ করলে বাপ্পীসহ তার লোকজন আমাদের মারধর করে।”

পুলিশ ঘটনা তদন্ত করছে জানিয়ে এসআই খায়রুল বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।