পিস্তলসহ বেনাপোলে যুবক আটক
যশোরের বেনাপোল থেকে একটি বিদেশী পিস্তলসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার শফি উদ্দিন জানান, রোববার সকালে বেনাপোল ইসলামি ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক তরিকুল ইসলাম (৩০) বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ওই এলাকায় ইজিবাইক চালান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শফি বলেন, একটি অস্ত্র ও হুন্ডির টাকা চলানের গোপনে খবর পেয়ে বিজিবির টহলদল তরিকুলকে আটক করে।
“পরে তার ইজিবাইকে তল্লাশি চালিয়ে একটি নাইন এম এম, তিন রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়।”
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
