২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে বাঁধ ধস, আতঙ্কে গ্রামবাসী

সিরাজগঞ্জের শাহজাদপুরের যমুনা নদী তীর সংরক্ষণ বাঁধ ধসে পাঁচশ মিটার এলাকার নদীতে বিলীন হয়ে গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2017, 07:11 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার বিকাল পর্যন্ত বাঁধের জামিরতা-ভাটপাড়া এলাকায় এ ধস নামে।

তিনি বলেন, ২০০৯ সালে শাহজাদপুর উপজেলা রক্ষায় প্রায় তিনশ কোটি টাকা ব্যয়ে শাহজাদপুরের কৈজুরী থেকে পাবনার বেড়ার বিনোটিয়া পর্যন্ত ১০ কিলোমিটারের বাঁধটি নির্মাণ করে পাবনা পানি উন্নয়ন বোর্ড ।

“বাঁধটি নির্মাণের পর থেকে সংস্কার ও সঠিকভাবে তদারকি না করায় বৃহস্পতিবার রাত থেকে  জামিরতা-ভাটারা এলাকার চারটি পয়েন্টে ধস দেখা দেয়। মুহূর্তের মধ্যে প্রায় একটি পয়েন্টে দুইশ মিটার ও অন্য তিনটি পয়েন্টে আরও তিনশ মিটার এলাকা নদীতে বিলীন হয়ে যায়।

ধসের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হলেও তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন চেয়ারম্যান সাইফুল।

স্থানীয় হোরদিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক নূরজাহান খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে কোনো মুহূর্তে নদীতে চলে যাবে আমাদের স্কুলটি। বিদ্যালয়ে সাড়ে ৪শত ছাত্র-ছাত্রী রয়েছে। স্কুল নদীতে বিলীন হয়ে গেলে এদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়বে।”

কৈজুরী ইউনিয়নের গুদিবাড়ি ও ভাটপাড়া গ্রামের ইসমাইল হোসেন, কায়েম উদ্দিন ও চায়না খাতুন জানান, ধস আতঙ্কে নির্ঘুম রাত কাটে। বসতভিটা নদীতে বিলীন হলে একেবারে নিঃস্ব হয়ে পড়তে হবে।

ধস ঠেকাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

ভাটপাড়া গ্রামের পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যমুনা নদী তীর সংরক্ষণ বাঁধটি শাহজাদপুর থেকে শুরু করে পাবনার বেড়া সীমান্ত পর্যন্ত। তা দেখভাল করে পাবনা পানি উন্নয়ন বোর্ড। তাদের অবহেলা অযত্নে লোকজন আশ্রয় হারা হয়ে পড়ছেন।”

বাঁধটি রক্ষায় স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন ভাটপাড়াবাসী।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, “ভাঙনরোধ বা সংস্কারে কোন বরাদ্দ নেই। ধসের বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

“জরিপ প্রতিবেদন তৈরি করে ঢাকায় যেতে বলা হয়েছে। সবকিছু দেখার পর বরাদ্দ পেলে বাঁধটি সংস্কার করা হবে।”