কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার
যাত্রীবাহী পরিবহন থেকে মাদক উদ্ধারের ঘটনায় পরিবহন শ্রমিকদের গ্রেপ্তারের প্রতিবাদে কুষ্টিয়ায় ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
দুইদিন পর বুধবার সন্ধ্যায় প্রশাসনের সঙ্গে এক সমঝোতা বৈঠকে বাস মালিক-শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার হয়েছে বলে জানান কুষ্টিয়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুল আলম।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ভোর থেকে কুষ্টিয়া থেকে সকল রুটে যাত্রীবাহী পরিবহন বন্ধ রেখে ধর্মঘট শুরু করে মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, মাদক ব্যবসায়ে জড়িত মূল হোতাদের গ্রেপ্তার না করে বহনকারী বাসের শ্রমিকদের গ্রেপ্তার করে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছিল। সংশ্লিষ্ট আইন-শৃংখলা বাহিনী এই হয়রানি বন্ধের আশ্বাস দেয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
জেলা প্রশাসক জহির রায়হান বলেন, ফলপ্রসু আলোচনায় সমঝোতা হওয়ার পরিবহন নেতারা ধর্মঘট প্রত্যাহার করেছেন।
