২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে লাশ ‘ছিনতাই’, তদন্ত কমিটি

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে একটি লাশ ছিনতাই হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 12:16 AM

Updated : 12 Apr 2022, 12:38 AM

এ ঘটনা তদন্তে মঙ্গলবার তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে জানান গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম।

এ নিয়ে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ আবাসিক চিকিৎসক প্রণয় ভুষন দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত ৩টা ৪০মিনিটে স্থানীয় বাঘেরবাজার এলাকা থেকে জরুরি বিভাগে আজিজুর রহমান নামে এক ব্যক্তির লাশ আনা হয়।

“পুলিশ কেস খাতায় এন্ট্রির পর লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হয়। এরপর ময়নাতদন্তের জন্য আইনী পদক্ষেপ নিতে থানায় আবেদন পাঠানো হয়। কিছু লোক মঙ্গলবার ভোরে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ডোমের কাছ থেকে ওই লাশটি ছিনিয়ে নিয়ে গেছে।”

এ ব্যাপারে মঙ্গলবার বিকালে ডোম মোহাম্মদ আলী জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান চিকিৎসক প্রণয়।  

‘ছিনতাইয়ের’ ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম। বাকি সদস্যদের নাম জানা যায়নি।

ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে রাহেনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছিনতাইয়ের ঘটনায় মৃতের ভাই মুজিবুর রহমান এবং সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিম মিয়া জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

তবে তদন্ত শেষে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলেন জানান তিনি।