২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের মামলায় রোকেয়ার সাবেক ভিসি ও উপ-রেজিস্ট্রারের বিচার শুরু

দুর্নীতির মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়া ও বর্তমান উপ-রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে রংপুরের একটি আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 04:42 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

মঙ্গলবার দুপুরে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার অভিযোগ গঠন করে আগামী ১৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন রাখেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামিমা আখতার শিরিন।

তাছাড়া অপর তিন আসামি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ টি জি এম গোলাম ফিরোজ, সহকারী রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রনি ও সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার আশরাফুল আলমকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। 

শামিমা আখতার শিরিন বলেন, গত ১৭ অক্টোবর অভিযোগ গঠনের দিন ছিল। আসামিরা মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে আদালত শুনানি শেষে আজ (মঙ্গলবার) রায়ের দিন রাখে।

“রায়ে আদালত আসামি এ টি জি এম গোলাম ফিরোজ, মোর্শেদ উল আলম রনি ও খন্দকার আশরাফুল আলমকে অব্যাহতি দিয়েছে। আর সাবেক উপাচার্য আব্দুল জলিল ও বর্তমান উপ-রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডলের উপস্থিতিতে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।”

অভিযোগ গঠন করে তা পড়ে শোনালে আব্দুল জলিল ও শাহজাহান আলী নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান বলে জানান তিনি।

এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আব্রাহাম লিংকন বলেন, “আদেশের কপি তোলার জন্য দুদকের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আদেশ পর্যালোচনার পর আপিল করা হবে কি না সে সিদ্ধান্ত নেবে দুদক।” 

২০১৩ সালের ১২ ডিসেম্বর দুদক সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল করিম বাদী হয়ে আবদুল জলিল মিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। চলতি বছরের ১৯ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা দুদক সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আকবর আলী আদালতে অভিযোগপত্র দেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, আব্দুল জলিল মিয়া তার দায়িত্বপালনকালে নিয়োগ সংক্রান্ত যাচাই কমিটির সভাপতি হিসেবে এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে থাকা শাহজাহান মণ্ডলের যোগসাজসে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়াই আর্থিক লাভবান হয়ে ৩৪৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেন। এছাড়া চাকরি বিধি অনুযায়ী যোগ্যতা না থাকা সত্বেও এটিজিএম গোলাম ফিরোজ, মোর্শেদ উল আলম রনি ও খন্দকার আশরাফুল আলমকে নিয়োগ দেওয়া হয়।