২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর থেকে সাত রোহিঙ্গার লাশ উদ্ধার   

মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের বহনকারী ট্রলার ডুবে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সাগরে শিশুসহ সাত জনের মৃত্যু হয়েছে ; এ দুর্ঘটনায় নিখোঁজ হয়েছে অন্তত পাঁচজন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 03:13 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইমামের ডেইল এবং টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া পয়েন্ট এলাকার সাগরে মঙ্গলবার সকালে ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতের মধ্যে এক নারী ও পাঁচ শিশু রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৫৯ জনকে।

টেকনাফ থানার ওসি মো.মাইনউদ্দিন খান বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া পয়েন্ট সাগরে রোহিঙ্গা বহনকারী একটি ট্রলার উল্টে যায়।

“খবর পেয়ে পুলিশ গিয়ে তিন শিশুর লাশ উদ্ধার করে।”

ডুবে যাওয়া নৌকার যাত্রীদের বরাত দিয়ে তিনি বলেন, ওই ট্রলারে ৩৫ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সেই হিসেব অনুযায়ী  আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে সেদেশের সেনাবাহিনী মুসলিম রোহিঙ্গাদের দমন অভিযান শুরুর পর পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ইমামের ডেইল এলাকার পয়েন্ট সাগরে রোহিঙ্গাদের একটি ট্রলার ডুবে যায় বলে উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানিয়েছেন।

“এ দুর্ঘটনায় শিশুসহ চার জনের মৃত্যু হয়।”

তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার এবং ৩২ জনকে জীবিত উদ্ধার করে ।পরে সাতজনকে আশ্ঙ্কাজনক অবস্থায় টেকনাফের বাহারছড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিসক তিনজনকে মৃত ঘোষণা করেন। ”

লাশগুলো স্থানীয়ভাবে দাফন করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।