সাভারে দুর্ঘটনায় লাশ হল ২ ট্রাক চালক
ঢাকার সাভারে একটি সবজি বোঝাই ট্রাকের চাপায় অপর ট্রাকের দুই চালক নিহত হয়েছেন।
সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির জানান, সাভারের রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে সোমবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সোবেদখালী গ্রামের ফিরোজ আলমের ছেলে সোহান হাওলাদার (২৩) ও চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার দেলগড় রাজাপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে আলাউদ্দিন মিয়া (২৫)।
ওসি মোহসিনুল বলেন, সোমবার রাতে সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের (শাহ সিমেন্ট) একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে সাভারের রেডিও কলোনি এলাকায় নষ্ট হয়ে যায়।খবর পেয়ে ওই প্রতিষ্ঠানের অন্য আরেকটি ট্রাক গিয়ে দড়ি বেঁধে বিকল ট্রাকটি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
“হঠাৎ দড়ি ছিঁড়ে গেলে দুই ট্রাকের চালক রাস্তায় নেমে গিয়ে তা বাঁধার চেষ্টা করছিলেন; এ সময় ঢাকামুখী দ্রুত গতির সবজি বোঝাই একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার থানায় নিয়ে যায় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
