বাগেরহাটে রাস উৎসব ২ নভেম্বর শুরু
সুন্দরবনের দুবলার চরে তিনদিনে রাস উৎসব ২ নভেম্বর শুরু হচ্ছে।
সোমবার রাস উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সোমনাথ দে এ কথা জানান।
প্রতি বছর কার্ত্তিক মাসের পূর্ণিমা তিথিতে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে এই রাস উৎসব হয়ে আসছে।
সোমনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২ নভেম্বর থেকে ৪ নভেম্বর এই উৎসব চলবে। কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী ছাড়াও অন্য ধর্মের মানুষ দুবলার চরের আলোরকোলে জড়ো হবে আশা করা হচ্ছে।
রাস উৎসবের জন্য সুন্দরবন পূর্ব ও পশ্চিম বিভাগে মোট আটটি প্রবেশদ্বার প্রস্তুত রেখেছে বনবিভাগ।
প্রবেশ দ্বারগুলো হচ্ছে, ঢাংমারী, বগী, কচিখালী, শরণখোলা স্টেশন, বুড়িগোয়ালিনি, কৈখালী, কয়রা কাশিয়াবাদ এবং নলিয়ান।
এসব স্থান থেকে বনভিাগের কাছ থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করা যাবে।
সুন্দরবন বিভাগের বনসংরক্ষক (সিএফ) আমির হোসাইন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলোরকোলে দর্শনার্থীদের জন্য আটটি প্রবেশ দ্বার রাখা হয়েছে। নিবন্ধিত একশ ফুটের বেশি লম্বা লঞ্চ প্রতি প্রবেশ ফি এক হাজার টাকা, একশ ফুটের নিচের লঞ্চের প্রবেশ ফি ৮০০ টাকা, পঞ্চাশ ফুটের নিচে ৫০০ টাকা, ইঞ্জিন চালিত ট্রলার প্রতি ৩০০ টাকা, ষ্পীডবোট ২০০ টাকা এবং নৌকা প্রতি ১০০ টাকা রাখা হয়েছে।
“প্রতিটি লঞ্চ ও ট্রলার রাখার জন্য (অবস্থান ফি) বন বিভাগকে দিতে হবে ২০০ থেকে ৩০০ টাকা করে। সুন্দরবনে ঢুকতে প্রতি দর্শনার্থীকে তিনদিনের জন্য ৫০ টাকা হারে প্রবেশ ফি দিতে হয়েছে।”
রাস উৎসবকে ঘিরে সুন্দরবনে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে জানিয়ে সিএফ বলেন, সুন্দরবনে আসা সনাতন ধর্মাবলম্বী ও পর্যটকদের নিরাপত্তা দিতে বনবিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী, র্যাব ও পুলিশ আলাদা আলাদা টিম করে টহল দিবে।
অন্যদিকে উৎসবের আড়ালে কোন চোরা শিকারিরা যাতে বনের কোন ক্ষতিসাধন না করতে পারে সেজন্য বনভিাগের বিশেষ দল কঠোর নজরদারি করবে বলে জানান তিনি।
