নোয়াখালীতে শিশু সাংবাদিকদের কর্মশালা শুরু
নোয়াখালীতে শিশুদের সাংবাদিকতার ওপর দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
জেলা প্রেসক্লাবে রোববার সকালে কর্মশালা উদ্বোধন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফ আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন ছাত্র ও ১০ জন ছাত্রী অংশ নিচ্ছে।
উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “জীবনে চলার চথে যা কিছু সামনে আসবে, একে পজেটিভলি নিতে হবে। সবকিছুতেই যেন আমরা লাভ না খুঁজি। কেননা কোনটায় লাভ হবে এটা আমরা জানি না। আমার ডেস্টিনি কোথায় আছে এটাই আমি জানি না।
“এখানে আপনারা দুই দিন থাকবেন। এ সময়টা যদি সম্পূর্ণ মনোনিবেশসহকারে এখানে থাকেন, এখানে যা বলা হয় তা যদি শেখেন, তাহলে কিন্তু তা আপনার কাজে লাগবে।”
প্রশিক্ষণ সম্পর্কে তিনি বলেন, “আমার কাছে মনে হচ্ছে এখানে যারা আসছে, তারা প্রত্যকেই অত্যন্ত প্রতিশ্রুতিশীল, তাদের দিয়ে শুধু সাংবাদিকতা নয়, শিশুদের কল্যাণসহ অন্য অনেক কিছুই সম্ভব।”
কর্মশালায় শিশু সাংবাদিক তাসনিম তাবাসসুম আদিবার সভাপতিত্বে ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় সূচনা বক্তব্য দেন শিশু সাংবাদিক আবদুল্যাহ আল রাহিম।
প্রথম দিনের কর্মশালায় সংবাদের উৎস ও সংবাদ লেখার কলাকৌশলসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশিক্ষক শরীফুল্লাহ কায়সার সুমন।
সোমবার প্রশিক্ষণের দ্বিতীয় দিনে ভিডিও সংবাদ তৈরির ধারণা ও কালাকৌশল বিনিময় ও মাঠ পরিদর্শনের ভিত্তিতে অংশগ্রহণকারী শিশু সাংবাদিকরা প্রতিবেদন তৈরি ও উপস্থাপন করবেন।
নোয়াখালী শিশু আদালতের এপিপি এমদাদ হোসেন কৈশোর, সুশাসনের জন্যে প্রচারাভিযানের জেলা শাখার সাধারণ সম্পাদক নূরুল আলম মাসুদ, সংবাদ সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি মেজবাহ উল হক মিঠু, নিউজ২৪-এর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
