ঠাকুরগাঁওয়ে স্কুলশিক্ষিকাকে মারধরের অভিযোগে শ্বশুর আটক
ঠাকুরগাঁও সদর উপজেলায় স্বামীর পরিবারের লোকজনের বিরুদ্ধে এক শিক্ষিকাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে; এ ঘটনায় পুলিশ তার শ্বশুরকে আটক করেছে।
সদর থানার এসআই মো. বেলাল হোসেন জানান, শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রাম থেকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হেলাল উদ্দীনকে (৬০) আটক করা হয়।
নূরুন নাহার তানজিলা আটোয়ারী উপজেলার ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় তানজিলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন সম্পর্কের পর চলতি বছর ২৮ মে ওই গ্রামের বাসিন্দা পীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক আনোয়ার ইসলামের সঙ্গে আমার বিয়ে হয়।
“বিয়ের পর থেকে আমি আমার বাবার বাড়িতে স্বামীকে নিয়ে থাকতাম। এ সময় তিনি আমাকে যৌতুকের দাবিতে চাপ প্রয়োগসহ মারধর করতেন। প্রায় তিন সপ্তাহ আগে আনোয়ার আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।”
শুক্রবার সকালে স্বামী আনোয়ারের ফোন পেয়ে তানজিলা তার ভগ্নিপতি আশরাফুল ইসলামের সঙ্গে লাউথুতি গ্রামে শ্বশুরবাড়ি যান।
“এরপর রাত সাড়ে ১১টার দিকে আনোয়ার ও শ্বশুর হেলাল উদ্দীনসহ তার পরিবারের লোকজন যৌতুকের দাবিতে আমাকে বেধড়ক মারধর করেন। ভগ্নিপতি আশরাফুলকে তারা আটক করে রাখেন।”
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে বলে তিনি জানান।
হাসপাতালের চিকিৎসক নিশা মর্তুজা বলেন, “তানজিলার মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করার চিহ্ন পাওয়া গেছে। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
এসআই বেলাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তানজিলার ভগ্নিপতি আশরাফুলকে উদ্ধার করা হয়। আর মারধরের অভিযোগে তার শ্বশুর হেলাল উদ্দীনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এ বিষয়ে তানজিলার স্বামী আনোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
