উখিয়ায় রোহিঙ্গাদের হামলায় চার বাংলাদেশি আহত
কক্সবাজারের উখিয়ার বালুখালীতে ডাকাত সন্দেহে রোহিঙ্গাদের হামলায় স্থানীয় চার বাংলাদেশি আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার গভীর রাতে বালুখালী রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান।
আহতদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতাল ও একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ওসি খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ১টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ডাকাত সন্দেহে স্থানীয় কয়েকজন বাংলাদেশির উপর রোহিঙ্গারা হামলা চালায়। এতে চারজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
আহতদের ধারাল অস্ত্রের জখম রয়েছে জানিয়ে তিনি বলনে, তাদের দুইজনকে কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালে এবং অপর দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে ওসি জানিয়েছেন।
