২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বড় বড় শিল্প গড়ে উঠবে: তোফায়েল

ভোলার বিপুল পরিমাণ গ্যাসের মজুদ এ জেলায় বিদ্যুৎ উৎপাদন ও শিল্প স্থাপনসহ উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।  

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 08:54 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

শুক্রবার ভোলার বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভোলায় ১ দশমিক ২ ট্রিলিয়ন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এই বিপুল পরিমাণ গ্যাস ব্যবহার করে এখানে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠবে।”

বর্তমান সরকারের আগে অন্য কোনো সরকার ভোলার এই গ্যাস উত্তোলনের উদ্যোগ গ্রহণ করেনি বলে মন্তব্য করেন তোফায়েল।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার পরামর্শে তোফায়েল আহমেদ নিজে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন বলে জানান।

তোফায়েল বলেন, শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে যে পরিমাণ গ্যাস পাওয়া গেছে তাতে একাধিক বৈদ্যুতিক পাওয়ার প্লান্ট, সার কারখানা এবং গ্যাসভিত্তিক শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হবে।

ইতিমধ্যে বড় বড় শিল্প উদ্যোক্তরা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বলে তিনি জানান।

“এছাড়া ভেদুরিয়ায় আরও একটি কূপে গ্যাস সন্ধানের কাজ চলছে। সেখানেও বিপুল পরিমাণ গ্যাস পাওয়ার সম্ভবনা রয়েছে।”

মন্ত্রী বলেন, ইতিমধ্যে প্রাপ্ত গ্যাস ব্যবহার করে ভোলায় ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট চালু হয়েছে। ২২৫ মেগাওয়াটের অপর একটি বিদ্যুৎ প্লান্টের কাজ চলছে। ১০০ মেগাওয়াটের আরেকটি বিদ্যুৎ প্লান্ট স্থাপন করে এসব বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হবে।

সম্প্রতি শাহবাজপুর ইস্ট-১ গ্যাস কূপে ৭০০বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, এখানে সার কারখানাসহ আরও অনেক বড় বড় শিল্প কারখানা গড়ে উঠবে।

“বোরহানউদ্দিনের প্রতিটি ঘরে গ্যাস সংযোগ দেওয়া হবে। তাই ভোলা হবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা। আর বোরহানউদ্দিন হবে শ্রেষ্ঠ উপজেলা।”

ভোলা-বরিশাল ব্রিজটি হলেই এখানকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। সরকারি-বেসরকারি বিনিয়োগকারীরা এখানে বিনিযোগ করবে। বেকার যুবকদের চাকরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তোফায়েল।

রোহিঙ্গা ইস্যুতে আন্তজার্তিক অঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম অর্জনের বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, “তিনি (হাসিনা) মানবতার নেত্রী হিসেবে খ্যাতি পেয়েছেন। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।”

বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শতবর্ষ উৎসব উৎযাপন কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, পুলিশ সুপার মোক্তার হোসেন, বোরহান উদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকতা মো. আ. কুদ্দুস, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ঢাবির ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ।