২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় কাত্যায়নী পূজা শুরু

মাগুরায় কাত্যায়নী পূজা ও এ উপলক্ষে মাসব্যাপী মেলা শুরু হয়েছে।  

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 07:31 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

বৃহস্পতিবার শুরু হওয়া পাঁচ দিনের এ পূজা সোমবার শেষ হবে।

পূজা উপলক্ষে জেলা শহরের মণ্ডপগুলোকে বিভিন্ন ধরনের কাত্যায়নী প্রতিমা ও বাহারী সাজে সাজানো হয়েছে।

পূজার প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা ভিড় করছেন মাগুরা শহরে।

আশা করা হচ্ছে, বরাবরের মতো প্রতিদিনই সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নানা বয়সী মানুষের আনাগোনা চলবে মণ্ডপে মণ্ডপে।

সাতক্ষীরার শ্যামনগরের খোকন বিশ্বাস বলেন, তাদের এলাকার প্রায় প্রতিটি গ্রাম থেকে অনেক মানুষ মাগুরায় এসেছে মাগুরায় কাত্যায়নী পূজা দেখতে।

দিনাজপুরের শর্মিলা রানী ও টাঙ্গাইলের আব্দুস সামাদ বলেন, এখানে এসে কাত্যায়নী পূজার আয়োজন দেখে তারা অভিভূত। ভারতের দুর্গা পূজার চেয়ে মাগুরার কাত্যায়নী পূজার আয়োজন তাদের বেশি আকৃষ্ট করেছে।

সম্মিলিত কাত্যায়নী পূজা উদযাপন কমিটির আহ্বায়ক মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার বলেন, তারা দেশ ও বিদেশের লাখ লাখ দর্শনার্থীর কথা মাথায় রেখে প্রায় প্রতিটি মণ্ডপে বিভিন্ন ধরনের আয়োজন করেছেন।

“কোনো মন্দিরে ডিসপ্লের মাধ্যমে অসুর বধের দৃশ্য দেখানো হচ্ছে, কোথাও হিন্দি জনপ্রিয় সিনেমার আদলে প্রতিমা স্থাপন করা হয়েছে, আবার কোনো প্যান্ডেলে কুরুক্ষের যুদ্ধের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।”

এদিকে পূজা উপলক্ষে জেলার গুরত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে  মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল তারিকুল ইসলাম জানান।

তিনি বলেন, “পৌর এলাকায় ১৫টিসহ জেলার ৯১টি মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। ওইসব এলাকায় সাদা পোশাকের পুলিশ, আনসার ব্যাটেলিয়ান, ভিডিপি ও স্বেচ্ছাসেবকরা দায়িত্বপালন করছেন।

এছাড়া প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।

কাত্যায়নী দশভূজা দুর্গার ষষ্ঠ রূপ। প্রতি বছর দুর্গা পূজার এক মাস পরে মাগুরায় কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়।