২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু ইকোপাকের্র নামে ভুল, কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজ দপ্তর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে ‘বঙ্গবন্ধু যমুনা ইকোপার্কের’ নাম অন্যভাবে লেখায় সামাজিক বন বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 07:22 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

পাবনার বিভাগীয় কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে বুধবার মামলাঠি দায়ের করা হয়।

সিরাজগঞ্জ সদর আমলী আদালতের বেঞ্চ সহকারী শামীম হোসেন জানান, সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি গোলজার হোসেন বাদী হয়ে বুধবার মামলাটি দায়ের করেন।

“বৃহস্পতিবার ওই আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।”

মামলার অভিযোগে বলা হয়, ‘বঙ্গবন্ধু যমুনা ইকোপার্ক’ সারাদেশে পরিচিতি লাভ করেছে; কিন্তু সামাজিক বন বিভাগ পাবনার বিভাগীয় কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী ‘বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী হওয়ার কারণে’ ভ্রান্ত দলিল সৃষ্টি করে সম্প্রতি বঙ্গবন্ধু ইকোপার্ক নামের স্থলে ‘যমুনা সেতু ইকোপার্ক’ ব্যবহার করে অফিসিয়াল চিঠি বিভিন্ন অফিসে পাঠিয়েছেন।

সরকারি কর্তকর্তা হয়ে তিনি আইন অমান্য করে ভ্রান্ত চিঠি বা দলিল তৈরি করে ফৌজদারী অপরাধ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

গোলজার হোসেন সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া মহল্লার মৃত মসলেম উদ্দিনের ছেলে।