পাবনায় গৃহবধূর লাশ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ
পাবনায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ; তাকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে পরিবার দাবি করেছে।
বুধবার বেলা ১১টার দিকে শহরের শালগাড়িয়া মহল্লার গোডাউনপাড়ায় এ ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান।
নিহত শিপ্রা রানী দাস (২৮) ওই এলাকার মানিক দাসের স্ত্রী ও নারায়ণ চন্দ্র দাসের মেয়ে।
ঘটনার পর থেকে মানিক পলাতক রয়েছে।
শিপ্রার বাবা নারায়ণ বলেন, নয় বছর আগে মেয়ের সঙ্গে মানিকের বিয়ে হয়।এরপর থেকে সংসারের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
“এক পর্যায়ে মানিক নেশাগ্রস্ত হয়ে পড়লে নেশা করার জন্য সে প্রায়ই আমার মেয়ের কাছ থেকে টাকা নিত। টাকা না পেলে আমার মেয়েকে মারধর করত মানিক।”
তিনি বলেন, “বুধবার সকালে রানীর কাছে টাকা চায় মানিক।টাকা না দেওয়ায় সে আমার মেয়েকে পিটিয়ে করে হত্যা করে।”
ওসি রাজ্জাক বলেন, বেলা ১১টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।
এখন পর্যন্ত এই ঘটনায় কেউ অভিযোগ দায়ের করে নাই; অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
লাশ ময়নাতদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
