২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, গুলি

কুমিল্লায় যুবদল ও ছাত্রদল কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ওই সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 08:09 PM

Updated : 12 Apr 2022, 12:35 AM

মঙ্গলবার কুমিল্লার কান্দিরপাড়ে এ ঘটনা ঘটে বলে কুমিল্লা কোতোয়ালি থানার ওসি আবু ছালাম মিয়া জানান।

প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারেক রহমানের বিরুদ্ধে আদালতের পরোয়ানা জারির প্রতিবাদে সকালে যুবদল ও ছাত্রদল কর্মীরা মিছিল বের করেন।

এক পর্যায়ে তাদের ধাওয়া করে পুলিশ। এ সময় ভিক্টোরিয়া কলেজের গেইটের কাছে গিয়ে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে ছাত্র ও যুবদল কর্মীরা। জবাবে পুলিশ পাল্টা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার বলেন, “পুলিশ সুশৃঙ্খল মিছিলে বাধা দেয় ও ছাত্রদল ও যুবদলের নেতাকমীদের উপর গুলি ছোড়ে।

“এতে মহানগর যুবদল সভাপতি উৎবাতুল বারী আবু ও ছাত্রদল নেতা সুজন, প্রিন্স আহত হয়েছেন।”

ওসি আবু ছালাম বলেন, “ব্যস্ততম সড়কে হঠাৎ মিছিল করতে চাইলে পুলিশ না করেছে। কিন্তু তারা শুনে নি। এ সময় পুলিশের একজন অফিসার তাদের ধাক্কায় রাস্তায় পড়ে যান।

 “পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্রদল ও যুবদলের কর্মীরা।পুলিশ পরিস্থিতি ও জানমাল রক্ষায়  পাঁচ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। ”

তবে এতে কেউ আহত হননি বলেও জানান তিনি।