নীলফামারীর মন্দিরে পুলিশের ঝুলন্ত লাশ
নীলফামারী সদর উপজেলায় মন্দির থেকে এক পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানান, সোমবার বিকালে টুপামারী ইউনিয়নের ঢুলিয়া শালমারা গ্রামের একটি মন্দির থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত দিপু রায় (২৪) ওই গ্রামের জলেশ চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ বলতে পারেনি।
দিপুর স্ত্রী গৌরী রায় বলেন, কালিপূজা উপলক্ষে ছুটি নিয়ে তিন দিন আগে বাড়ি আসেন দিপু রায়।
“রোববার তার ঢাকায় কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। এজন্য শনিবার সন্ধ্যায় টিকিট আনার কথা বলে বাড়ি থেকে বের হন, কিন্তু আর ফেরেননি। সোমবার বিকালে স্থানীয়রা গ্রামের বুড়ি মন্দিরে লাশ ঝুলতে দেখে।”
দিপু মাস ছয়েক আগে পুলিশে যোগ দেওয়ার পর বিয়ে করেন বলে জানান তার বাবা জলেশ চন্দ্র।
পুলিশ কর্মকর্তা বাশার বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
