মনপুরায় ট্রলার ডুবি
ভোলার মনপুরায় গো-খাদ্য বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
মনপুরা থানার ওসি মো. শাহিন খান জানান, রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার চর শামসুদ্দিন সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
এতে ট্রলারে থাকা আট কৃষক নিখোঁজ হলেও কোস্টগার্ড অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে বলে জানান তিনি।।
ওসি বলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের পশ্চিম পাশে চর নজরুল থেকে গবাদি পশুর খাদ্য নিয়ে ট্রলার দাসেরহাট যাওয়ার সময় ডুবে যায়।
উদ্ধার কৃষকরা জানান, চর নজরুল থেকে ট্রলারে ঘাস বোঝাই করে ফেরার পথে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। পরে কোস্টাগার্ড তাদের উদ্ধার করে।
মনপুরা কোস্টগাডের্র কন্টিনজেন্ট কমান্ডার মো. মাহবুব আলম জানান, খবর পেয়ে ডুবে যাওয়া ট্রলারসহ আট কৃষককে নদী ও বিভিন্ন চর থেকে উদ্ধার করা হয়। পরে হাজিরহাট ঘাটে এনে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
