পঞ্চগড়ে বিজিবির নির্যাতনে মৃত্যুর অভিযোগ
পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কয়েকজন সদস্যের নির্যাতনে এক গরু ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে বোদা উপজেলার বড়শশী সীমান্তের নুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন।
নিহত মাজম আলী (৪০) ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
তবে বিজিবি নির্যাতনের কথা অস্বীকার করেছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে থাকতে পারে বলে তাদের ভাষ্য।
মাজমের ছোটভাই সোলেমান আলী বলেন, গত বৃহস্পতিবার বড়শশী সীমান্ত দিয়ে কয়েকটি ভারতীয় গরু চোরাই পথে আনার খবর পায় বড়শশী বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।
“এ খবরের প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় বিজিবি সদস্যরা এক সময়ের গরু ব্যবসায়ী মাজম আলীকে বাড়ি থেকে ক্যাম্পে ডেকে নিয়ে যান। এ সময় বিজিবি সদস্যরা তার কাছে একটি গরু দাবি করেন।
“গরু দিতে অস্বীকার করলে ক্যাম্পের ৪/৫ জন বিজিবি সদস্য তাকে বেদম মারধর করেন। পরে নিজেদের একটি গরু ক্যাম্পে দিয়ে গুরুতর অবস্থায় ভাইকে উদ্ধার করে বাড়ির দিকে রওনা হই। কিন্তু বাড়ি নিয়ে আসার পথেই সে মারা যায়।”
মাজমের মৃত্যুতে স্বজনের আহাজারি
তিনি তার ভাইয়ের হত্যার বিচার দাবি করেছেন।
মাজমের স্ত্রী মোমেনা খাতুনের অভিযোগ, তার স্বামীকে বিনা দোষে বিজিবি সদস্যরা মারধর করে হত্যা করেছেন।
বড়শশী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল ইসলাম বলেন, “আমার সামনেই বিজিবি সদস্যরা মাজমকে প্রচণ্ড মারধর করেছে। আমাকেও ভেতরে ঢুকতে দেয়নি।
“এ এলাকার অসংখ্য মানুষ মাজমকে মারধরের দৃশ্য দাঁড়িয়ে থেকে দেখেছে।”
তিনি নির্যাতনকারী বিজিবি সদস্যদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মাজমের স্বজন ও স্থানীয়রা দোষী বিজিবি সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মিজানুর রহমান খান বলেন, নির্যাতনের যে অভিযোগ উঠেছে সেটা মিথ্যা। মাজম ওই এলাকার চিহ্নিত গরু চোরাকারবারী। সে ভারতে গরু আনতে গিয়েছিল।
“বিজিবি সদস্যদের ধাওয়ায় সে গরু ফেলে পালিয়ে যায়। বাড়িতে গিয়ে হয়ত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।”
